ইরানকে ঘিরে চলমান উত্তেজনার সময় ইরাকজুড়ে মার্কিন স্থাপনাগুলোর ওপর ব্যাপক হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সংঘাতকালীন সময়ে ৬০০টিরও বেশি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস, ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার এবং এরবিলের মার্কিন কনস্যুলেটকে লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

এদিকে ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ইরান-ঘনিষ্ঠ ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো দেশজুড়ে—এমনকি কুর্দিস্তান অঞ্চলসহ—মার্কিন নাগরিক ও স্থাপনাগুলোর ওপর আরও হামলার পরিকল্পনা করছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরাক সরকারের ভেতরের কিছু অংশ এসব মিলিশিয়া গোষ্ঠীকে রাজনৈতিক ও আর্থিক সহায়তা দিচ্ছে। এ পরিস্থিতিতে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, ইরাকের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের প্রত্যাশা সম্পর্কে অবগত। এখন তারা কেবল প্রতিশ্রুতি নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চায়।

তিনি আরও উল্লেখ করেন, ইরাক সরকার ও মিলিশিয়াদের মধ্যে স্পষ্ট বিভাজন না থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। মিলিশিয়াদের সরকারি কাঠামো থেকে বিচ্ছিন্ন করা, অর্থায়ন বন্ধ করা এবং তাদের বেতন প্রদানের প্রক্রিয়া থামানো হলে আস্থার পরিবেশ তৈরি হতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

Share.
Leave A Reply

Exit mobile version