বাংলাদেশ সফরে এসে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। ঢাকায় অবস্থানরত দলটি টানা প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে সিরিজকে সামনে রেখে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৮ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় টেস্ট ১৬ মে থেকে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এই সিরিজকে ঘিরে বিশেষ সুযোগ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কুলের শিক্ষার্থী এবং বেসরকারি ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারবেন। এজন্য শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম ও বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং নির্ধারিত গ্যালারিতে প্রবেশ করতে হবে।
অন্যদিকে, ১৫ বছরের কম বয়সী একাডেমি শিক্ষার্থীরাও এই সুবিধা পাবেন। তবে তাদের নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরে স্টেডিয়ামে আসতে হবে।
প্রথম টেস্টের টিকিটের মূল্যও নির্ধারণ করা হয়েছে। ইস্টার্ন গ্যালারির টিকিট ৫০ টাকা, ক্লাব হাউস ২০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা রাখা হয়েছে। অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।
