সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ হওয়া সাড়ে ১৭ কেজি স্বর্ণ আদালতের নথিতে মাত্র দেড় কেজি হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে চ্যানেল টুয়েন্টিফোর।

ঘটনা অনুযায়ী, গত বছরের ৫ নভেম্বর সিলেট বিমানবন্দরে শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ১২০টি স্বর্ণের বার এবং ৪টি স্বর্ণের পেস্টের চাকা জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২১ কোটি টাকা।

তবে পরবর্তীতে আদালতে জামিন আবেদনের সময় এই স্বর্ণের পরিমাণ নথিতে উল্লেখ করা হয় মাত্র ১ কেজি ৫০০ গ্রাম। অভিযোগ রয়েছে, নথি পরিবর্তনের সময় “১৭ কেজি” অংশ থেকে সংখ্যাটি কৌশলে বাদ দেওয়া হয়।

গত ৫ নভেম্বর হাইকোর্টে জামিন শুনানির সময় এই তথ্যের ভিত্তিতেই অভিযুক্তরা জামিন পান। কিন্তু পাঁচ দিন পর বিষয়টি ধরা পড়ে, যখন রাষ্ট্রপক্ষ নথিপত্র যাচাই করে এই অসঙ্গতি শনাক্ত করে।

এরপর আদালত জামিন স্থগিতের নির্দেশ দেন। তবে ততক্ষণে অভিযুক্তরা কারাগার থেকে মুক্তি পেয়ে যান।

ঘটনার পর হাইকোর্ট জালিয়াতির বিষয়টি তদন্তের নির্দেশ দেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এদিকে, অভিযুক্তদের পক্ষের আইনজীবী সাদিয়া ইয়াসমিন অভিযোগ অস্বীকার করে বলেন, মামলা গ্রহণের সময় নথিতে স্বর্ণের পরিমাণই ছিল ১ কেজি ৫০০ গ্রাম।

ঘটনাটি আদালত ও প্রশাসনিক নথিপত্র ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Share.
Leave A Reply

Exit mobile version