
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মন্তব্য করেছেন, যারা তার জানাজা পড়ানো নিয়ে প্রশ্ন তুলছেন, তারা জামায়াতপন্থী।
শনিবার (৩ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফজলুর রহমান বলেন, “যারা এসব কথা বলছে, তারা জামায়াতের লোক। আমার বহু পীর-আউলিয়া, গাউস, কুতুব দরবেশ হুজুর আছেন। আমার জানাজা পড়ানোর মানুষের কোনো অভাব হবে না।”
তিনি আরও বলেন, “আমার আগে আল্লাহ তাকে নিয়েও যেতে পারেন—যে বলে আমার জানাজা পড়াবে না।”
নিজের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি এমপি হয়েছি—এটা আমার রাজনৈতিক বিষয়। কিন্তু আমার আধ্যাত্মিক বিশ্বাস আলাদা। আমি আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাসী, কুরআনে বিশ্বাসী একজন মানুষ।”
তিনি জানান, তিনি সুফিবাদী ধারার অনুসারী এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশ্বাসে আস্থাশীল। তার ভাষায়, “আমার জানাজা পড়ানোর জন্য জামায়াতের ওয়াহাবীদের প্রয়োজন হবে না। আমি বিশ্বাস করি, যেদিন আমার লাশ সামনে রাখা হবে, জানাজা পড়ার মানুষের কোনো অভাব হবে না।”
তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।