
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক সম্প্রতি নিজের জীবনের এক বড় পরিবর্তনের কথা জানিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার নৌকা প্রতীকে মনোনয়ন চাইলেও তা পাননি।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর একটি মামলায় জড়িয়ে পড়েন এই অভিনেতা। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হন এবং প্রায় ১১ মাস কারাগারে কাটান। তিনি জানান, চলতি বছরের ১৮ মার্চ তিনি মুক্তি পান।
কারাগারে কাটানো সময়টিই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে জানান সিদ্দিক। তার ভাষায়, “এই দীর্ঘ সময়টা আমি নষ্ট করিনি। একজন শিল্পী হিসেবে নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। আল্লাহই আমাকে পরিবর্তনের পথে এনেছেন।”
কারাগারে থাকা অবস্থায় তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করেন, যা তার মানসিক ও আত্মিক পরিবর্তনের বড় কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, “জেলে প্রচুর সময় থাকে ভাবার জন্য। আগের জীবনযাপন পুরোপুরি বদলে গেছে।”
কারাগারের একটি বাক্য—“রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ”—তাকে গভীরভাবে প্রভাবিত করে। সেই অনুপ্রেরণা থেকেই তিনি নিজের জীবনের নতুন দিক খুঁজে পান। এই সময়ে তিনি ১৫টি নাটক এবং ৩টি চলচ্চিত্রের গল্প লেখেন, পাশাপাশি নিজের জীবন নিয়ে একটি বইও লেখা শুরু করেন।
তবে কারাগার থেকে বের হওয়ার পরও তিনি মানসিকভাবে পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি বলে জানান। ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিচ্ছেন তিনি।
বর্তমানে পরিবারকে সময় দিচ্ছেন এই অভিনেতা। কারাগারে লেখা গল্পগুলো নিয়ে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন এবং নিজের জীবন ও পরিবর্তনের অভিজ্ঞতা নিয়ে বইটি গুছিয়ে নিচ্ছেন। খুব শিগগিরই নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে আসার আশাও প্রকাশ করেছেন তিনি।