মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে আবারও সম্ভাব্য সামরিক উত্তেজনার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে নতুন করে সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতি থাকলেও ভবিষ্যৎ পরিস্থিতি পুরোপুরি নিশ্চিত নয় এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে আবারও সামরিক পদক্ষেপ নিতে হতে পারে।
ট্রাম্পের ভাষায়, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা চলছে, তবে এ বিষয়ে বিস্তারিত জানেন শুধুমাত্র তিনি এবং অল্প কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি।
তিনি আরও দাবি করেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহ দেখাচ্ছে। তবে এই সংকটের স্থায়ী সমাধান কবে হবে, তা স্পষ্ট করে বলেননি। ট্রাম্পের মতে, যদি এই পরিস্থিতির সমাধান হয়, তাহলে বিশ্ববাজারে তেলের দামে ইতিবাচক প্রভাব পড়বে।
এদিকে, জার্মানি থেকে মার্কিন সেনা সংখ্যা কমানোর ঘোষণার পর ট্রাম্পের কাছে ইউরোপের অন্যান্য দেশ—বিশেষ করে ইতালি ও স্পেন থেকেও সেনা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি জানান, এমন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি স্পষ্ট করেন, ইরান যদি এই টুর্নামেন্টে অংশ নেয়, তাতে তার কোনো আপত্তি নেই।