সৌদি আরবে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা হজ পালনের জন্য বেতনসহ সর্বোচ্চ ১৫ দিনের ছুটি পাবেন। দেশটির শ্রম আইন অনুযায়ী এই সুবিধা নিশ্চিত করেছে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কর্মীরা টানা ১০ থেকে ১৫ দিন পর্যন্ত এই ছুটি নিতে পারবেন, যার মধ্যে ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে এ সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট কর্মীকে একই প্রতিষ্ঠানে অন্তত দুই বছর ধারাবাহিকভাবে কাজ করতে হবে।

আরও বলা হয়েছে, একজন কর্মী তার পুরো চাকরি জীবনে মাত্র একবার এই হজের ছুটি ভোগ করতে পারবেন। এছাড়া এই সুযোগ শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য, যারা আগে কখনও হজ পালন করেননি।

প্রতি বছর কতজন কর্মী এই ছুটি পাবেন, তা প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রয়োজন বিবেচনা করে নিয়োগকর্তারা নির্ধারণ করবেন।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে সৌদি আরবে কর্মরত মুসলিমদের জন্য ধর্মীয় দায়িত্ব পালন আরও সহজ হবে এবং একই সঙ্গে শ্রম অধিকার সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

Share.
Leave A Reply

Exit mobile version