
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব সংসদে উত্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
বুধবার জাতীয় সংসদ-এর অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই প্রস্তাব দেন। তবে স্পিকার হাফিজ উদ্দন আহমেদ বিষয়টি পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ না করে লিখিত নোটিশ দেওয়ার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি, কৃষি ও জ্বালানিপণ্য আমদানি, বিনিয়োগ আকর্ষণে নীতি সংস্কারসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি বেশি হলেও বিপরীতে আমদানি কম হওয়ায় বড় ধরনের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের ঠিক আগে গত ৯ ফেব্রুয়ারি এই চুক্তি স্বাক্ষরিত হয়, যা নিয়ে তখন থেকেই নানা মহলে সমালোচনা ছিল। তার দাবি, একটি অনির্বাচিত সরকারের এমন চুক্তি করা উচিত হয়নি এবং এতে দেশের স্বার্থবিরোধী কিছু শর্ত রয়েছে।
এ সময় স্পিকার জানান, পয়েন্ট অব অর্ডার সংসদের চলমান কার্যক্রম বা শৃঙ্খলা সংক্রান্ত হতে হয়। নতুন কোনো বিষয় উত্থাপন করতে হলে নিয়ম অনুযায়ী নোটিশ দিতে হবে।
পরে সংক্ষিপ্ত সময় চেয়ে রুমিন ফারহানা বলেন, সরকার চাইলে এই চুক্তি বাতিল করতে পারে এবং বিষয়টি সংসদে আলোচনার জন্য আনা উচিত। তবে স্পিকার পুনরায় জানান, এটি পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণযোগ্য নয়।