ওমরাহ পালন শেষে ইহরাম থেকে বের হওয়ার জন্য গুরুত্বপূর্ণ দুটি পদ্ধতি রয়েছে—মাথা সম্পূর্ণ ন্যাড়া করা (হালক) অথবা চুল ছোট করা (কসর)। তবে এ নিয়ে অনেকের মাঝেই প্রশ্ন থাকে—সব সময় কি মাথা ন্যাড়া করা বাধ্যতামূলক, নাকি চুল ছোট করলেই চলবে?
সম্প্রতি এক ব্যক্তি দারুল উলুম দেওবন্দ-এর দারুল ইফতায় এ বিষয়ে জানতে চান। তিনি বলেন, গত রমজানে ওমরাহ করার সময় তিনি মাথা ন্যাড়া করেছিলেন। এখন আবার ওমরাহ করতে যাচ্ছেন—এই অবস্থায় তার জন্য কী বিধান প্রযোজ্য?
এ প্রশ্নের জবাবে মুফতিগণ জানান, প্রতিবার ওমরাহ শেষে ইহরাম থেকে বের হওয়ার জন্য মাথা ন্যাড়া করা বা চুল ছোট করা—দুটির যেকোনো একটি করা জরুরি। এই আমল সম্পন্ন না করলে ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হওয়া যায় না।
তারা আরও ব্যাখ্যা করেন, যদি মাথার চুল অন্তত এক আঙুল পরিমাণ (প্রায় এক ইঞ্চি) লম্বা হয়, তাহলে পুরো মাথার চুল ছোট করা বৈধ। একে ‘কসর’ বলা হয়, যা কাঁচি বা মেশিন ব্যবহার করে করা যায়।
অন্যদিকে, যদি চুল এতটা লম্বা না হয়, তাহলে শুধু ছেঁটে দেওয়া যথেষ্ট নয়। সে ক্ষেত্রে মাথা পুরোপুরি ন্যাড়া করা বাধ্যতামূলক। এই প্রক্রিয়াকে ‘হালক’ বলা হয় এবং সাধারণত ক্ষুর বা ব্লেড দিয়ে তা করা হয়।
সারকথা, চুলের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে—চুল ছোট করা যাবে, নাকি মাথা ন্যাড়া করতেই হবে।
