ভারতের রাজ্যসভার দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের পাশাপাশি অংশ নিচ্ছেন তারকারাও।
বুধবার সকালে বেলগাছিয়ায় গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি কোনো বিশেষ সুবিধা গ্রহণ না করে সাধারণ ভোটারদের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় তাকে ঘিরে ভক্তদের ভিড়ও চোখে পড়ে।
ভোট দেওয়ার পর মিঠুন বলেন, “আমি একজন সাধারণ নাগরিক হিসেবেই ভোট দিয়েছি। কোনো আলাদা সুবিধা চাইনি। নির্বাচন কমিশন সুন্দরভাবে ভোট পরিচালনা করছে, এজন্য তাদের ধন্যবাদ।”
ভোটের হার নিয়েও আশাবাদ প্রকাশ করেন তিনি। তার মতে, প্রথম দফায় প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছিল, এবারও সেই ধারা বজায় থাকতে পারে। তিনি বলেন, “এত বেশি ভোট পড়া মানেই মানুষ সচেতন—এতে ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যায়।”
এদিন আরও বেশ কয়েকজন তারকা ভোট দেন। তাদের মধ্যে ছিলেন রঞ্জিত মল্লিক, জিৎ, আবীর চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী এবং কোয়েল মল্লিক।
