সারাদেশে গত কয়েকদিন ধরে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো আবহাওয়া বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের সব বিভাগেই কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, সকাল ১১টা থেকে পরবর্তী দুই দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো আবহাওয়া দেখা দিতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, যা জনজীবনে সাময়িক বিঘ্ন ঘটাতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জনগণকে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং ঝড়ের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে নদী ও খোলা স্থানে অবস্থানরতদের সতর্ক থাকতে বলা হয়েছে।

