দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতামূলক বার্তা পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার রাজধানীর কুর্মিটোলায় এক বক্তব্যে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, দেশের বিমানবন্দরগুলো সাধারণত কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকে। তবে নতুন নির্দেশনার পর তা আরও শক্তিশালী করা হয়েছে, যা নিয়মিত নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবেই বাস্তবায়ন করা হচ্ছে।
সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশনা পাঠানো হয়। এর পরপরই সংশ্লিষ্ট সব বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া বিমানবন্দরে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটকে বাড়তি সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
