সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম-এর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।
সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে নুসরাত তাবাসসুমের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, মো. মনিরুজ্জামান এবং জহিরুল ইসলাম মুসা।
এর আগে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন নুসরাত তাবাসসুম। তিনি সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন, তবে সময়সীমা পেরিয়ে মনোনয়ন জমা দেওয়ায় তার প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু নুসরাত তাবাসসুম তার কাগজপত্র জমা দেন নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে, অর্থাৎ বিকেল ৪টা ১৯ মিনিটে। এ কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়।
উল্লেখ্য, একই দলের আরেক নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতাও এর আগে স্থগিত করা হয়েছিল।
আগামী ১২ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন।
