সরকার নারীদের জন্য এলপিজি (তরল গ্যাস) কার্ড চালু করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রান্নার কষ্ট কমাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা এলাকায় একটি খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। খালটি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির সঙ্গে যুক্ত।

প্রধানমন্ত্রী আরও জানান, নারীদের জন্য শুধু এলপিজি কার্ডই নয়, শিক্ষাক্ষেত্রেও বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ নিশ্চিত করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে নারীদের হাতে “ফ্যামিলি কার্ড” পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, দেশের রাজনীতির লক্ষ্য হওয়া উচিত মানুষের জীবনমান উন্নয়ন। বর্তমান সরকারের উদ্দেশ্যও সেটিই।

তারেক রহমান আরও উল্লেখ করেন, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের ফলে রাজনৈতিক পরিবর্তন এসেছে এবং এখন সময় দেশ পুনর্গঠনের। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে বন্ধ থাকা অনেক শিল্পকারখানা আবার চালু করা সম্ভব হবে।

এ সময় তিনি স্থানীয় জনগণকে খাল খনন কাজে স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে উন্নয়নমূলক কাজ যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন।

সরকার জনগণের কাছ থেকে লুট হওয়া সম্পদ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে জনগণই তার জবাব দেবে।

সবশেষে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার যথাযথভাবে বাস্তবায়ন করবে।

Share.
Leave A Reply

Exit mobile version