পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে সম্প্রতি গায়ক আসিম আজহারের নিউইয়র্ক কনসার্টে দেখা যাওয়ায় আবারও তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হানিয়া নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। মুখে কাপড় ও মাথায় টুপি পরে দর্শকদের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলেন তিনি।
এ সময় তাকে নিজের অভিনীত নাটকের জনপ্রিয় গান ‘মেরি জিন্দেগি হ্যাঁ তু’ গাইতেও দেখা যায়। তবে নিজেকে লুকানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত ভক্তদের নজর এড়াতে পারেননি তিনি। অনেকেই তাকে চিনে ফেলেন এবং বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
নিউইয়র্কের এই কনসার্টে হানিয়ার উপস্থিতি পুরোনো গুঞ্জনকে আরও জোরালো করেছে। অনেক ভক্ত সামাজিক মাধ্যমে এই জুটিকে একসঙ্গে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন, কেউ কেউ আবার বিয়ের পরামর্শও দিয়েছেন।
এদিকে আলোচনায় নতুন মাত্রা যোগ করে হানিয়া নিজেও পরে ইনস্টাগ্রামে নিউইয়র্কের রাস্তায় হাঁটার একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে একটি গান গাইতে শোনা যায়।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই হানিয়া আমির ও আসিম আজহারের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। ২০২৫ সালে আসিমের ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর সেই গুঞ্জন আবারও সামনে আসে। বর্তমানে তিনি উত্তর আমেরিকায় কনসার্ট ট্যুর নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

