ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশেষে নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ের ম্যালিগন্যান্ট প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে সুস্থ আছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) নিজের বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের সময় সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক শারীরিক পরীক্ষায় তার সামগ্রিক স্বাস্থ্য ভালো রয়েছে এবং বড় কোনো জটিলতা ধরা পড়েনি।
তিনি জানান, ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট সমস্যার কারণে অস্ত্রোপচারের পর নিয়মিত পরীক্ষার সময় চিকিৎসকরা ছোট একটি অস্বাভাবিক চিহ্ন শনাক্ত করেন। পরবর্তী পরীক্ষায় সেটি প্রাথমিক পর্যায়ের ক্যানসার হিসেবে ধরা পড়ে, তবে এটি শরীরের অন্য কোথাও ছড়ায়নি।
চিকিৎসকদের পরামর্শে পর্যবেক্ষণে থাকার সুযোগ থাকলেও তিনি দ্রুত চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। তার দাবি, সময়মতো নেওয়া চিকিৎসায় সমস্যাটি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে কোনো ঝুঁকি নেই।
স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে দেরির কারণ হিসেবে তিনি জানান, আঞ্চলিক উত্তেজনার মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে ভুল তথ্য ছড়ানো ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এছাড়া তিনি জানান, ২০২৩ সালে তার শরীরে পেসমেকার বসানো হয়েছিল এবং বর্তমানে হৃদযন্ত্রও স্বাভাবিকভাবে কাজ করছে।

