নিউজিল্যান্ডের ইনিংসে ধীরে ধীরে গড়ে ওঠা নিক কেলির প্রতিরোধ ভাঙলেন মুস্তাফিজুর রহমান। গুরুত্বপূর্ণ এই ব্যাটারকে আউট করে ম্যাচে নতুন করে প্রাণ ফেরালেন তিনি।
সতীর্থরা একে একে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে রান বাড়াচ্ছিলেন কেলি। ৫৯ রানের ইনিংসে তিনি ছিলেন নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের মূল ভরসা। তবে ২৬তম ওভারের দ্বিতীয় বলে মুস্তাফিজের পরিকল্পিত ডেলিভারিতে শেষ হয় তার ইনিংস।
ওয়াইড লাইনে অফ কাটার দিয়ে ব্যাটারকে ভুল শটে প্রলুব্ধ করেন মুস্তাফিজ। কাভারে সহজ ক্যাচ তুলে দেন কেলি, যা ধরতে কোনো ভুল করেননি তানজিদ হাসান তামিম।
এর আগে ইনিংসের শুরুতেই নাহিদ রানার আঘাতে চাপে পড়ে নিউজিল্যান্ড। পরে মুস্তাফিজ ও মেহেদী হাসান মিরাজের ধারাবাহিক আঘাতে ৬১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা।
চতুর্থ উইকেটে নিক কেলি ও মোহাম্মদ আব্বাস মিলে জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও তা ভেঙে দেন মুস্তাফিজ।
প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ২৮ ওভারে ৪ উইকেটে ১১৮ রান করেছে। জয়ের জন্য তাদের প্রয়োজন ১৪৮ রান।
এর আগে বাংলাদেশের ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি (১০৫) ও লিটন দাসের ৭৬ রানের ইনিংসে ভর করে ২৬৫ রানের লক্ষ্য দাঁড় করায় টাইগাররা।

