চলতি ১৪৪৭ হিজরি সালের হজ কার্যক্রম শুরুর আগে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদিতে পৌঁছেছেন। এদের মধ্যে দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে জানানো হয়, সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২২ হাজার ৫২৬ জন। এখন পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ২৪টি, সৌদি এয়ারলাইনস ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ১৬টি ফ্লাইট।

ফ্লাইটভিত্তিক হিসাব অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ভ্রমণ করেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইনসে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী।

এদিকে সৌদি আরবে অবস্থানকালে ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল এবং ২২ এপ্রিল টাঙ্গাইলের মো. আবুল কাশেম মারা যান। এতে এ বছর হজে গিয়ে বাংলাদেশি মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইজন।

সরকারি হিসাবে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারিভাবে হজে অংশ নিচ্ছেন।

Share.
Leave A Reply

Exit mobile version