ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংখ্যালঘু সম্প্রদায় থেকে চারজনকে দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মনোনয়নপ্রাপ্ত সংখ্যালঘু চার নারী হলেন— নিপুণ রায় চৌধুরী, আন্না মিনজ, সুবর্ণা শিকদার ও মাধবী মারমা।

দলীয় সূত্রে জানা গেছে, এ মনোনয়নের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে উন্নয়নকর্মী ও ওঁরাও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি আন্না মিনজের অন্তর্ভুক্তি উল্লেখযোগ্য। তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালে কর্মরত এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে কাজ করে আসছেন।

অন্যদিকে, সুবর্ণা শিকদার গোপালগঞ্জের বাসিন্দা এবং শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। তাকে ঘিরে সামাজিক মাধ্যমে বিভিন্ন আলোচনা থাকলেও তিনি নিজেকে বিএনপির সমর্থক বলে জানিয়েছেন।

মাধবী মারমা বান্দরবান জেলা আইনজীবী সমিতির সদস্য এবং মহিলা দলের সঙ্গে সম্পৃক্ত।

বিএনপির নেতারা বলছেন, সব ধর্ম ও জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সংরক্ষিত নারী আসনের জন্য আরও অনেক নেত্রীকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version