ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ দিনের কার্যক্রম আজ অনুষ্ঠিত হচ্ছে। বিকেল সাড়ে ৩টা থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এর আগে প্রথম দিনে পাঁচটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা অংশ নেন।
সাক্ষাৎকার প্রক্রিয়ায় সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য এবং মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত আছেন।
গতকাল শুক্রবার গুলশানে বিএনপির কার্যালয়ে প্রথম দিনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সেদিন রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের ডাকা হয়েছিল।
সাক্ষাৎকার শেষে অংশগ্রহণকারীরা জানান, প্রার্থীদের কাছে সংক্ষিপ্ত সময়ে জানতে চাওয়া হচ্ছে কেন তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, নির্বাচিত হলে কী ধরনের কাজ করবেন এবং অতীতে রাজনৈতিক কার্যক্রমের কারণে কোনো মামলা বা নির্যাতনের শিকার হয়েছেন কিনা।
