জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া পেজ ও গ্রুপ খুলে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সতর্ক থাকতে সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে সংসদ সচিবালয়।

শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ব্যারিস্টার কায়সার কামাল ফ্যান” নামে একটি ফেসবুক গ্রুপসহ আরও কিছু পেজ ও গ্রুপে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়ানো হচ্ছে। এসব পেজের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেপুটি স্পিকার কোনো ভুয়া বা অনানুষ্ঠানিক ফেসবুক গ্রুপ বা পেজ পরিচালনা করেন না। তিনি কেবল তার ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজ ব্যবহার করেন। তাই তার নামে পরিচালিত অন্য সব পেজ ও গ্রুপকে প্রতারণামূলক ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সাধারণ মানুষকে এসব ভুয়া প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্য বিশ্বাস না করার এবং কোনো ধরনের পোস্ট শেয়ার বা অংশগ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, কেউ ইচ্ছাকৃতভাবে এসব ভুয়া তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, ইতোমধ্যে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version