চট্টগ্রাম বন্দরে বড় ধরনের জ্বালানি সরবরাহ এসেছে। একসঙ্গে চারটি জাহাজে মোট ১ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়েছে এসব ভেসেল।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, এই চালানে মোট ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং ২৭ হাজার ৩৬৩ টন অকটেন রয়েছে। এই জ্বালানি দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণে ব্যবহার করা হবে।
বন্দরের আলফা অ্যাংকরে অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমটি অকট্রি’ থেকে ইতোমধ্যে লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে। জাহাজটি আগামী শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙর করার কথা রয়েছে।
বিপিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৭ এপ্রিল চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। আরও কয়েকটি জ্বালানি চালান চলতি সপ্তাহে আসার সম্ভাবনা রয়েছে, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল করবে।
অন্য জাহাজগুলোর মধ্যে পর্তুগালের পতাকাবাহী ‘এমটি কেপ বনি’ বহন করেছে ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল। কেম্যান আইল্যান্ডের পতাকাবাহী ‘এমটি নেভি সিয়েলো’ নিয়ে এসেছে ২৭ হাজার ৩৬৩ টন অকটেন এবং চীনের পতাকাবাহী ‘এমটি লিয়ান সং হো’ এনেছে ৪১ হাজার ৯০৭ টন ডিজেল।
বর্তমানে এসব জাহাজ বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করছে এবং ধাপে ধাপে খালাস কার্যক্রম চলছে।
ভেসেল ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ‘এমটি অকট্রি’ ও ‘এমটি কেপ বনি’ ১২ এপ্রিল, ‘এমটি নেভি সিয়েলো’ ১০ এপ্রিল মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে এবং ‘এমটি লিয়ান সং হো’ ৮ এপ্রিল ভারতের শিখা বন্দর থেকে যাত্রা করে চট্টগ্রামে পৌঁছায়।
