জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে করা মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি রাশেদ প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। পোস্টে তিনি শফিউল আলম প্রধানের রাজনৈতিক ইতিহাস ও জিয়া পরিবারের ভূমিকার কথা উল্লেখ করে বিষয়টি তুলে ধরেন।

পাপিয়া অভিযোগ করেন, অতীতে রাজনৈতিকভাবে সুবিধা পাওয়া একটি পরিবার থেকে উঠে আসা কেউ যদি সেই ইতিহাস ভুলে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বা কটূক্তিমূলক মন্তব্য করেন, তা অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, যে নেতৃত্বকে কেন্দ্র করে দেশের একটি বড় অংশের তরুণরা আশা দেখছে, তার বিরুদ্ধে এমন মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের বাইরে এবং ব্যক্তিগত আক্রমণের শামিল।

ফেসবুক পোস্টে তিনি এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং বলেন, রাজনৈতিক পরিচয় ও অতীত ইতিহাস ভুলে গিয়ে কটূক্তি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে রাশেদ প্রধানের ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার বক্তব্যের সমালোচনা করেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Share.
Leave A Reply

Exit mobile version