বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৫তম। আগের তালিকায় যা ছিল ৯৩তম। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ র্যাংকিং অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই এখন বিশ্বের ৩৬টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
এই দেশগুলোর মধ্যে রয়েছে—বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরো দ্বীপপুঞ্জ, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেসতে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু।
তবে উল্লেখ্য, এই দেশগুলোর সবগুলোতে সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশাধিকার নেই। কিছু দেশে পৌঁছানোর পর ভিসা (ভিসা অন অ্যারাইভাল) নিতে হয়, আবার কিছু ক্ষেত্রে ই-ভিসার প্রয়োজন হতে পারে।
বৈশ্বিক র্যাংকিংয়ে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।
এছাড়া চতুর্থ অবস্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড।
বিশ্বব্যাপী ভ্রমণের সুযোগ ও পাসপোর্টের শক্তিমত্তা নির্ধারণে এই সূচকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য এই তালিকা আন্তর্জাতিক ভ্রমণ পরিকল্পনায় সহায়ক হতে পারে।

