জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় থাকা কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে আগের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, তিনি কোনো একটি রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন হিরো আলম। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গিয়ে অতীতে নানা ধরনের হয়রানি ও প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। এ অভিজ্ঞতার কারণে এবার দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
হিরো আলম বলেন, “স্বতন্ত্র নির্বাচনে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। তাই এবার দলীয় ব্যানারে লড়তে চাই। আমি ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছি এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাদের সমস্যার কথা শুনছি।” বর্তমানে তিনি ‘আমজনতা দল’-এর সঙ্গে যুক্ত থাকলেও মেয়র পদে কোন দলের হয়ে নির্বাচন করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তার দাবি, কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। সমঝোতা হলে শিগগিরই দলের নাম প্রকাশ করবেন।
তিনি ঢাকা উত্তর নাকি দক্ষিণ সিটি করপোরেশন থেকে প্রার্থী হবেন, সে বিষয়েও কোনো সিদ্ধান্ত জানাননি। তিনি বলেন, “উত্তরে নাকি দক্ষিণে- কোথায় আমার গ্রহণযোগ্যতা বেশি এবং কোথায় দাঁড়ালে মানুষের জন্য কাজ করা সহজ হবে, তা নিয়ে চিন্তাভাবনা করছি। সময় হলে বিস্তারিত জানাব।”

