যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়া একটি আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি।

শনিবার (৩১ জানুয়ারি) তেহরানের ইমাম খোমেনি হুসাইনিয়ায় আয়োজিত এক বৃহৎ জনসমাবেশে দেওয়া ভাষণে তিনি বলেন, যুদ্ধ ও সামরিক শক্তি প্রদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য নতুন কিছু নয়। তিনি উল্লেখ করেন, আমেরিকানরা মাঝেমধ্যেই যুদ্ধ, বিমান ও যুদ্ধজাহাজের প্রসঙ্গ তোলে—এটি দীর্ঘদিনের চর্চা।

খামেনেয়ি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি এবার সত্যিই যুদ্ধের পথে এগোয়, তবে সেটি সীমিত থাকবে না; বরং একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। যুদ্ধসহ সম্ভাব্য সব বিকল্পই তাদের আলোচনার টেবিলে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রসঙ্গে তিনি বলেন, ‘ইরানি জাতির এসব বিষয়ে ভয় পাওয়ার কিছু নেই; এ ধরনের হুমকি ইরানের জনগণকে প্রভাবিত করে না।’ একই সঙ্গে ইরান নিজে কখনোই যুদ্ধ শুরু করবে না বলেও জানিয়ে দেন তিনি। তবে যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত তার দেশ।

খামেনেয়ি বলেন, ‘আমরা যুদ্ধ শুরু করি না এবং কোনো দেশকে আক্রমণ করতে চাই না; কিন্তু কেউ যদি ইরানের ওপর আক্রমণ চালায় বা হয়রানি করে, ইরানি জাতি তাকে কঠোর জবাব দেবে।’

তিনি আরও বলেন, অতীতের ষড়যন্ত্রগুলোর মতোই ইরানি জনগণ সাম্প্রতিক আমেরিকান-জায়নবাদী ফিতনার আগুন ছাই করে দিয়েছে। ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জও তারা দৃঢ়ভাবে মোকাবিলা করবে।

Share.
Leave A Reply

Exit mobile version