আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষের পক্ষে প্রচারণায় অংশগ্রহণ নিষিদ্ধ করার নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে সব মন্ত্রণালয়কে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এ প্রেক্ষাপটে ইসি স্পষ্টভাবে জানিয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো ধরনের প্রচার-প্রচারণা দণ্ডনীয় অপরাধ। তাই এ নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া থেকে তাদের বিরত থাকার নির্দেশ দিয়েছে ইসি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ বিষয়ে একটি বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

ইসির এই নির্দেশনা বাস্তবায়নে সব কর্মকর্তা-কর্মচারীদের অফিশিয়ালি নির্দেশনা দেওয়া হবে। আজ শুক্রবার গণভোটের প্রচারণা বিষয়ে গণমাধ্যমকে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ এর প্রচার বিষয়ে নির্বাচন কমিশনের যে নির্দেশনা তা সব পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘ইতিমধ্যে বিষয়টি গণমাধ্যমের সুবাদে সবাই জেনেছেন। এখন অফিসিয়ালি জানানো হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে।

Share.
Leave A Reply

Exit mobile version