বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা একটি দল এবং এটি মুক্তিযোদ্ধাদের দল। তিনি বলেন, এ দলটি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন এবং স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেন।
তিনি বলেন, আজ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নতুন রূপে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছে। তারা দাবি করছে-তাদের দলে একজন মুক্তিযোদ্ধা যোগ দিয়েছেন এবং আরও কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদের সঙ্গে যুক্ত হয়েছে। বাস্তবে এসব দাবি জনগণকে বিভ্রান্ত ও প্রতারণা করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক পরিচয়ে বাংলাদেশি এবং সংবিধান অনুযায়ী সকল নাগরিক সমান অধিকারভোগী-এটাই বিএনপির অঙ্গীকার। সব ধর্ম ও সংস্কৃতির মানুষ একসঙ্গে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা বিএনপিই গণমানুষের দল, যারা বাংলাদেশের পক্ষে নীতি, কর্মসূচি, ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজনীতি করে। জনসভায় জেলা ও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
