দীর্ঘ দুই মাসের বিরতির পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এ সেবা আবার কার্যকর হয়।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, পোস্টাল ভোটের নিবন্ধন এবং প্রার্থী চূড়ান্তকরণের কারণে এতদিন এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, বর্তমানে ভোটার তালিকা প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে, তাই এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু করা হয়েছে।
স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এনআইডি সংশোধন সেবাটি আজ থেকে পুনরায় চালু করা হয়েছে।
তিনি বলেন, আমাদের ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) ও আইপিসিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সিস্টেম নিয়ে বড় কাজ চলছিল। এই সময়ে এসব নিবন্ধন সম্পন্ন হয়েছে। এখন কাজ শেষ হওয়ায় আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি।
এ ছাড়া, ভোটের মাঠে প্রার্থীদের চূড়ান্ত হওয়ার বিষয়টিও এনআইডি কার্যক্রম বন্ধ থাকার অন্যতম কারণ।
