ভোটের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেছেন।
বুধবার (২১ জানুয়ারি) রাত প্রায় ৮টার দিকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সফরে তার স্ত্রী জুবাইদা রহমানও তার সঙ্গে রয়েছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাতে সংবাদমাধ্যমে বলেন, বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে অংশ নিতে তারেক রহমান সিলেট পৌঁছেছেন। তিনি হয়রত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন।
বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি হয়রত শাহজালাল (র.) মাজারে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখান থেকে যাবেন খাদিমনগরে হয়রত শাহপরানের মাজারে।
মাজার জিয়ারতের পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যাবেন তিনি।
সেখানে কিছু সময় অবস্থানের পর শহরের ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে’ উঠবেন তিনি। সেখানেই তার রাত্রিযাপনের কথা।
