চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। নিহত র‍্যাব কর্মকর্তার নাম মোতালেব।

জানা গেছে, তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে প্রেষণে র‍্যাবে ডিএডি (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

র‍্যাব–৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যায় র‍্যাব–৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালাতে গেলে স্থানীয় সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এতে চারজন র‍্যাব সদস্য গুরুতর আহত হন, পরে একজনের মৃত্যু হয়।

তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা মোতালেব নিহত হয়েছেন।

এ ঘটনার পর জঙ্গল সলিমপুরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতোয়েন করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version