নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি জানান, এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির প্রতিবেদন পাওয়া মাত্রই পে-স্কেল কার্যকরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “পে-স্কেল একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। তাদের সুপারিশ হাতে পেলেই দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে অর্থ উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

Share.
Leave A Reply

Exit mobile version