ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম যাতে প্রভাবমুক্ত থাকে, সে লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশে কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্দেশনা ইতোমধ্যে সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের প্রভাব বা বিভ্রান্তি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, পেশাজীবী সংগঠনের নির্বাচন ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ দেশের সব সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর পর আয়োজন করতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট সবাইকে এই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Share.
Leave A Reply

Exit mobile version