রাতে জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির এই বৈঠকে তাঁকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।
আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি সূত্র জানিয়েছে, এটি দলের পূর্বনির্ধারিত কোনো শিডিউলভুক্ত বৈঠক নয়, বরং বিশেষ প্রয়োজনে ডাকা জরুরি সভা।
দলীয় সূত্রে জানা গেছে, আজকের এই বৈঠকে নির্দিষ্ট এজেন্ডা থাকছে না। তবে এটি অবশ্যই গুরত্বপূর্ণ। কারণ এ বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান পদ শূন্য হয়েছে।বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান।
গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, দু-একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।
