আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো দৃশ্যমান ঘটনা ঘটেনি, যার ভিত্তিতে বলা যায় যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। বরং বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের জন্য একটি ভালো ও অনুকূল পরিবেশ বিরাজ করছে।
তিনি আরও জানান, কেউ কেউ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুললেও বাস্তবে ছোট-বড় সব রাজনৈতিক দলের জন্যই সমান সুযোগ নিশ্চিত রয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রেসসচিব আরো বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এই দেশ সব ধর্ম ও বর্ণের মানুষের।সবাই যেন শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে, সেটিই প্রত্যাশা। অথচ সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে কেউ কেউ মাজারে হামলা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।
এর আগে সকালে নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার ও ঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন প্রেসসচিব।
মাজারের নিরাপত্তা প্রসঙ্গে প্রেসসচিব জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর মনোবল বেড়েছে।মাজারগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে, একই সঙ্গে মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে।
