দেশের বাজারে একযোগে সোনা ও রুপার দাম কমেছে। এর মধ্যে সোনার দাম ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত হ্রাস করা হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকায়। আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে এই নতুন মূল্য কার্যকর হবে।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় মূল্য সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে এবার সোনার সঙ্গে রুপার দাম কমেছে। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৫৪০ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৩০৭ টাকা; ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
