আইপিএল থেকে হঠাৎ বাদ পড়া এবং ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে নিজেকে ঘিরে চলা সব আলোচনা নিয়ে মুখ খুলেছেন মুস্তাফিজুর রহমান। মাঠের বাইরে নানা বিতর্ক ও উত্তাপ থাকলেও মাঠে নিজের মনোযোগ যে একটুও বিচ্যুত হয়নি, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তা স্পষ্ট করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
মুস্তাফিজকে নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই নিজের ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী স্ট্যাটাস দিয়েছেন কাটার মাস্টার।
তিনি লিখেছেন,‘Eyes on the field, mind on the win!’ (চোখ মাঠে, মন জয়ের দিকে)। মাত্র চার শব্দের এই বার্তার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন, বাইরের আলোচনা তাকে স্পর্শ করতে পারছে না। বরাবরের মতোই তিনি তার পারফরম্যান্স দিয়ে মাঠেই সব সমালোচনার উত্তর দিতে চান।
আইপিএল ইস্যুতে যত আলোচনা-সমালোচনাই হোক না কেন, চলমান বিপিএলে তার ছাপ পড়তে দেননি মুস্তাফিজ। রংপুর রাইডার্সের জার্সিতে বল হাতে প্রতি ম্যাচেই আগুন ঝরাচ্ছেন তিনি। কখনো উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছেন, আবার কখনো স্লগ ওভারে অবিশ্বাস্য কিপটে বোলিংয়ে ব্যাটারদের বোকা বানাচ্ছেন। মূলত তার এই অতিমানবীয় ফর্মই রংপুরকে টুর্নামেন্টে শক্ত অবস্থানে রেখেছে।
মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক বোলিংয়ে মুগ্ধ হয়েছেন প্রতিপক্ষ শিবিরের কোচরাও। চট্টগ্রাম রয়্যালসের কোচ তুষার ইমরান তার প্রশংসা করে বলেন, মুস্তাফিজের বিপক্ষে প্রায় সব দলই ভুগছে, বিশেষ করে ইনিংসের শেষ চার ওভারে। তিনি জানান, গত ম্যাচে শেষ দুই ওভারে মুস্তাফিজ মাত্র ছয় রান দিয়েছেন। তার বোলিংয়ে একদিকে যেমন নিয়মিত উইকেট আসছে, অন্যদিকে রানও আটকে যাচ্ছে—এই দুইয়ের সমন্বয়ই প্রতিপক্ষকে বড় চাপে ফেলছে।
