ভবিষ্যতেও দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি ও জামায়াত। সুন্দর দেশ গড়তে একতাবদ্ধভাবে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ—এমন ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে তিনি একথা বলেন।

জামায়াতের আমির বলেন, খালেদা জিয়া ইতিহাসে বিরল এক সম্মানের সঙ্গে আমাদের থেকে বিদায় নিয়েছেন। গতকাল তার বিদায়ের সংবর্ধনা অনুষ্ঠিত হয়, যেখানে মানুষ আবেগ ও চোখের পানি দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছে। এটি তার প্রাপ্য সম্মান ছিল। তিনি জাতির জন্য যা করেছেন, সেটাই আল্লাহর পক্ষ থেকে তার পাওনা হিসেবে দেওয়া হয়েছে। এই সম্মান আমাদের অনুপ্রাণিত করে, এবং আমরা আশা করি, যদি আমরা জাতির কল্যাণে এমন অবদান রাখতে পারি, মানুষও আমাদেরকে এমন শ্রদ্ধার সঙ্গে বিদায় জানাবে।

তিনি বলেন, দেশ গুরুত্বপূর্ণ বাঁকে আছে। সামনে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট। সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন। ফেব্রুয়ারির ১২ তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য হোক। আজকেও এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা এটাও বলেছি দেশের স্বার্থে অতীতেও আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও করবো। তারেক রহমানসহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ৫ বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কিছু চিন্তা করতে পারি কি না সেটাও আমাদের স্বার্থকতা। নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে আমরা বসবো, খোলা মনে কথা বলবো জাতির কথা চিন্তা করবো এবং জাতির জন্য সিদ্ধান্ত নেবো। খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করে গেছেন তার ওপর দাঁড়িয়ে আমরা যেন দায়িত্ব পালন করতে পারি।

Share.
Leave A Reply

Exit mobile version