সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শহীদ জিয়ার কবরের পাশে দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দুপুর ১২টায় দলের স্থায়ী কমিটির নেতারা জরুরি বৈঠকে বসেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি এমন সময় চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি দরকার ছিল।

আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version