বলিউডের জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বয়সের প্রায় ১০ বছরের ব্যবধান থাকলেও তাদের রসায়ন সবসময়ই ভক্তদের দৃষ্টি কাড়ে। তবে আজকের দৃঢ় ও ঘনিষ্ঠ সম্পর্কের পেছনে শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না।
সম্প্রতি সাইফ স্বীকার করেছেন, সম্পর্কের শুরুতে তিনি কারিনাকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেন। এই গল্পের সূচনা ঘটে ২০০৮ সালে ‘টশন’ ছবির শুটিং সেটে। শাহিদ কাপুরের সঙ্গে দীর্ঘ সম্পর্কের অবসান ঘটিয়ে তখন একা ছিলেন কারিনা। সেই ছবির সেটেই সাইফ কারিনাকে প্রেমের প্রস্তাব দেন। যদিও প্রেমের অনুভূতি তুঙ্গে ছিল, মনের গভীরে তখনও ছিল অজানা এক ভয়।
সাইফ আলি খানের মতে, সম্পর্কের শুরুর দিকে আবেগ এতটাই বেশি থাকে যে বাস্তবকে অনেক সময় উপেক্ষা করতে হয়। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি আসলে খুব একটা সহজ মানুষ নই। এর আগে আমি এমন সব নারীদের সাথে মিশেছি যাদের সিনেমার জগতের সাথে কোনো যোগসূত্র ছিল না।’
‘ফলে কারিনা যখন আমার জীবনে এল, তখন আমি নিজেকে সামলাতে পারছিলাম না। ওর সাথে কাজ করা অন্য নায়কদের আমি নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিলাম।’
সাইফের কথায়, ‘কারিনা আমাদের সংসারটাকে আগলে রেখেছে। ও যেমন সৃজনশীল একজন অভিনেত্রী, ঠিক তেমনি একজন অসাধারণ মা এবং স্ত্রী। ওর মতো ভালো মনের মানুষ আমি খুব কম দেখেছি।’
বর্তমানে দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে সুখের সংসার তাদের। সাইফ মনে করেন, কারিনার উপস্থিতিতেই তাদের বাড়ি আজ আক্ষরিক অর্থেই ‘ঘর’ হয়ে উঠেছে। অতীতের সেই নিরাপত্তাহীনতা কাটিয়ে আজ তারা একে অপরের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছেন।
