ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানিয়েছেন, শরিফ ওসমান হাদিকে জরুরি বিভাগে আনা হলে তার অবস্থা খুবই গুরুতর ছিল। পরে সিপিআর দেওয়ার পর তার রক্তচাপ কিছুটা স্থিতিশীল হয়েছে। মাথার সিটিস্ক্যান করার পর দেখা গেছে কানের পাশে মাথার ভেতরে গুলি রয়েছে। তাকে বর্তমানে নিউরোসার্জারি অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান।

ডা. মোস্তাক আহমেদ বলেন, হাদিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়, তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয় এবং বর্তমানে প্রেসার কিছুটা স্থিতিশীল। তার মাথার ভেতরে গুলি রয়েছে এবং কানের আশপাশে গুলি লেগেছে। তাকে নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, যেখানে অস্ত্রোপচার চলছে।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা। পরে ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আনা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version