কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এই আসনে জামায়াত যদি বিজয়ী হয় এবং দেশে সরকার গঠন করতে পারে, তাহলে তিনি বিষ খাবেন। তিনি জামায়াতকে মুনাফেক, বেইমান এবং অকৃতজ্ঞ বলেও উল্লেখ করেন। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

সমাবেশে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলেন দেখি… রাজাকারের পক্ষে হাত তুলেন দেখি… একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে! ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এরা পাস কইরা ফেলবো… আমি বিষ খাইয়্যাম।”

ফজলুর রহমান আরও বলেন, “এরা যে বেঁচে আছে এটাই শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া।” তিনি স্মরণ করিয়ে দেন, ২০০১ সালে জামায়াত খালেদা জিয়ার পায়ে ধরে বলেছিল, ম্যাডাম আমাদের বাঁচান, তখন তাদের বাঁচানো হয়েছিল। এখন সেই সাপ ফণা তুলছে। 

তিনি অভিযোগ করেন, জামায়াত ছাড়া আর কেউ বিএনপিকে চাঁদাবাজ, ধান্দাবাজ, চোর-বাটপার বলে না।

ফজলুর রহমান নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, তিনি শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চান।

তিনি আরও বলেন, ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে ভোটার, তার কাছেই আমি ভোট চাই। দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়েই স্বাধীনতা হয়েছিল।

কর্মী সমাবেশে ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version