আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্রে জানা গেছে, একই পরিবারের দুইজনকে এবারের নির্বাচনের প্রাথমিক মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে, টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনে এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয়নি বিএনপি। দলীয় অভ্যন্তরীণ সূত্র বলছে, এ আসনে বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত বা তার কাছাকাছি যোগ্য কোনো বিকল্প প্রার্থী নেই। ফলে স্থানীয় নেতাকর্মীসহ টাঙ্গাইলবাসীর প্রত্যাশা চূড়ান্ত মনোনয়নের সময় দলটি সুলতান সালাউদ্দিন টুকুকেই প্রার্থী হিসেবে ঘোষণা করবে।

সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির একজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে দলের ছাত্র ও যুব রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এবং পরবর্তীতে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে টুকু সবসময়ই নির্বাচন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নিয়ে সোচ্চার থেকেছেন। আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে একাধিকবার মামলা ও গ্রেফতারের মুখোমুখি হয়েছেন তিনি। নানা প্রতিকূলতা ও দমননীতির মধ্যেও বিএনপির রাজনীতিতে তিনি অটল ও প্রভাবশালী অবস্থান ধরে রেখেছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের মতে, সুলতান সালাউদ্দিন টুকু শুধু একজন দক্ষ সংগঠক নন, তিনি তৃণমূলের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা হিসেবেও পরিচিত। তাদের ভাষ্য, দল যদি ত্যাগ, অভিজ্ঞতা ও আন্দোলননির্ভর নেতৃত্বকে অগ্রাধিকার দেয়, তবে টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনে সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পাওয়া শুধু সময়ের অপেক্ষা।

Share.
Leave A Reply

Exit mobile version