জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম (মুরাদ) এর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে ফেসবুকে তার মন্তব্যকে ‘ধৃষ্টতা ও প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ’ হিসেবে উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

অভিযোগে বলা হয়, সম্প্রতি জামায়াতে কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের এক বক্তব্যের প্রেক্ষিতে ফেসবুকে লেখেন- জামায়াতের লোকেরা স্বাধীনতাবিরোধী, তাদের রাজনীতি করার অধিকার আছে কি না, সেটার জন্য গণভোট হওয়া উচিত। 

এই মন্তব্যের স্ক্রিনশট ও ভিডিও প্রমাণসহ গত ২০ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জাহিদুল হাসানের নিকট লিখিত অভিযোগ দেন পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামীম হোসেন মৃধা ও মহানগর মজলিসে শুরা সদস্য অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন খান।

তারা অভিযোগে উল্লেখ করেন, একজন সরকারি কর্মকর্তা হয়েও ওসি মুরাদ রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করছেন, যা প্রশাসনিক নিরপেক্ষতা নষ্ট করছে। এ অবস্থায় শুধু বদলি নয়, তার দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তি দাবি করেন তারা।

এ বিষয়টি নিশ্চিত করে পূবাইল থানা জামায়াতের আমির আশরাফ আলী কাজল বলেন, ওসির এমন মন্তব্যটি যে জামায়াতের বক্তব্যকে কেন্দ্র করে করা হয়েছে, তা পূবাইলবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তিনি বলেন, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় কেউ এ ধরনের রাজনৈতিক মন্তব্য করতে পারেন না। অভিযুক্ত ওসি আমিরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা গেলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন এবং একজন এডিসিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

Exit mobile version