রাজধানীতে সমন্বয় সভা চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এই ঘটনা ঘটে।
জানা যায়, কনভেনশন সেন্টারের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। একই সময়ে দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বংশাল থানার কর্মী মোহাম্মদ ইউসুফ আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমকে বলেন, দুটি থানার কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তাদের থামাতে গিয়েছিল অনেকে। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।
