ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’-এ পশ্চিম তীরের জুদেয়া ও সামারিয়া অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার বিল পাসের পর যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই বিলটি ট্রাম্পের প্রস্তাবিত ‘গাজা শান্তি পরিকল্পনা’র জন্য একটি বড় হুমকি।

ওয়াশিংটন থেকে ইসরায়েলের উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও। তিনি বলেন,

“তারা (ইসরায়েল) নেসেটে একটি বিল পাস করেছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন— যুক্তরাষ্ট্র এই বিলকে সমর্থন করবে না। কারণ আমরা মনে করি, এটি গাজা শান্তি পরিকল্পনার বাস্তবায়নে সরাসরি হুমকি।”

রুবিও আরও যোগ করেন, “বিলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আনা হয়েছে—এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে এমন সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।”

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় থেকেই পশ্চিম তীরের এই দুই অঞ্চল ইসরায়েলের দখলে। এবার নেসেটে আনুষ্ঠানিকভাবে ওই ভূখণ্ডকে ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা করার উদ্যোগ নেয়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, বুধবার (২২ অক্টোবর) নেসেটের ১২০ আসনের মধ্যে বিলটির পক্ষে ভোট পড়ে ২৫টি, বিপক্ষে ২৪টি, আর ৫১ জন ভোটদান থেকে বিরত থাকেন।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও, তাদের জোটের কয়েকজন শরিক সদস্য পক্ষে ভোট দেন।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি ‘শান্তি পরিকল্পনা’ ঘোষণা করেন। ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস উভয়ই ওই প্রস্তাবে সম্মত হলে ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
এরপর থেকে গাজায় বড় কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Share.
Leave A Reply

Exit mobile version