ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় সাধারণত নিজেকে আড়ালেই রাখেন নগরবাউল খ্যাত ফারুক মাহফুজ আনাম জেমস। বছরের বেশিরভাগ সময় তাকে দেখা যায় গান ও কনসার্ট নিয়ে ব্যস্ত থাকতে। সমসাময়িক ঘটনা বা ইস্যু নিয়েও খুব একটা মন্তব্য করতে দেখা যায় না তাকে। তবে এবার হঠাৎ করেই নিজের বিয়ে ও সন্তানের খবর প্রকাশ করে সবাইকে চমকে দিয়েছেন এই জনপ্রিয় গায়ক।

জেমসের ব্যক্তিজীবনের এই নতুন তথ্য সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। ভক্ত-অনুরাগীরা প্রিয় শিল্পীকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন, পাশাপাশি নতুন জীবনের জন্য জানাচ্ছেন শুভ কামনা। অনেকেই জানতে আগ্রহ প্রকাশ করছেন—কে এই নামিয়া আমিন, যিনি গায়ক জেমসের স্ত্রী?

বুধবার (২২ অক্টোবর) বিকেলে দেশীয় সংগীতের জনপ্রিয় এই রকস্টারের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন একটি সংবাদমাধ্যমকে বলেন, জেমসের তৃতীয় স্ত্রীর নাম নামিয়া আনাম। তার বাবার নাম নুরুল আমিন ও মা নাহিদ আমিন। দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তারা। মা-বাবার সঙ্গে সেখানেই বেড়ে উঠেছেন নামিয়া। একজন নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি রয়েছে তার।

জেমসের ম্যানেজার বলেন, ২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে পরিচয় হয় জেমস ও নামিয়ার। তখন যুক্তরাষ্ট্র ট্যুর চলছিল গায়কের। সেখান থেকেই পরিচয় দু’জনের। ট্যুর শেষে বাংলাদেশে ফেরেন তারকা। এর কিছুদিন পর নামিয়াও বাংলাদেশে আসেন। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। পরে ২০২৪ সালের ১২ জুন বিয়ে হয় তাদের। এরপর থেকে নগরবাউলের রাজধানীর বনানীর বাসায় বসবাস করছেন।

রুবাইয়াৎ ঠাকুর রবিনের ভাষ্যমতে―চলতি বছরই এই দম্পতির কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। গত ৮ জুন নিউইয়র্কের হান্টিংটং হসপিটালে পুত্রসন্তান জিবরান আনামের জন্ম দেন নামিয়া।

এদিকে জীবনের এই নতুন অধ্যায় সম্পর্কে জেমস বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান করে যেতে পারি। সবার কাছে দোয়া চাই। আমাকে প্রার্থনায় রাখবেন আপনারা।

প্রসঙ্গত, এর আগে আরও দু’বার বিয়ে করেছিলেন জেমস। তার প্রথম স্ত্রী অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর বিয়ে করেন বেনজীর সাজ্জাদকে। ২০০০ সালে পরিচয় হয় তাদের। তারা যুক্তরাষ্ট্র গিয়ে বিয়ে করেছিলেন। সেটিও বিচ্ছেদে গড়ায় ২০১৪ সালে। তবে প্রথম সংসারে একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে জেমসের।

Share.
Leave A Reply

Exit mobile version