মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিনটি মামলায় গ্রেপ্তার হওয়া সেনা কর্মকর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে, তাদের কোন জেলে বা সাব জেলে রাখা হবে—সে সিদ্ধান্ত নেবে সরকার বা কারা কর্তৃপক্ষ।
বুধবার (২২ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আদালত আসামিদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। কাস্টডিতে প্রেরণ মানে তারা এখন কারা কর্তৃপক্ষের অধীনে। কোথায় রাখা হবে—ঢাকায়, চট্টগ্রামে বা অন্য কোথাও—এটা সম্পূর্ণ কারা কর্তৃপক্ষ ও সরকারের সিদ্ধান্ত।”
তাজুল ইসলাম আরও বলেন, আদালতের দায়িত্ব হলো কেবল তাদের কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা কারা অধিদপ্তরের। সুতরাং, কোন কারাগারে বা সাব জেলে রাখা হবে, সেটা সরকারই নির্ধারণ করবে।
তিনি আরও উল্লেখ করেন, “কোন আসামিকে কীভাবে আদালতে হাজির করা হবে, সেটাও কারা কর্তৃপক্ষের এখতিয়ার। এই বিষয়ে প্রসিকিউশন কিছু বলতে পারে না।”
