আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ফের চরম উত্তেজনা। সীমান্ত অঞ্চলে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করেছে আফগান সেনাবাহিনী। দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, রোববার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়।

শনিবার রাতে পাক-আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর রোববার সকালে তালেবান সরকার দাবি করে, তারা পাকিস্তান সেনাবাহিনীর ২৫টি সীমান্ত পোস্ট দখল করেছে এবং কমপক্ষে ৫৮ জন পাক সেনা নিহত হয়েছে।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, “আমাদের সীমান্ত রক্ষী বাহিনী পাকিস্তানের ২৫টি পোস্ট দখল করেছে। তাদের আক্রমণে ৫৮ সেনা নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছে।” তিনি আরও হুঁশিয়ারি দেন— “যদি পাকিস্তান আবারও আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তবে আরও কঠোর জবাব দেওয়া হবে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তান আফগান রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। ইসলামাবাদের দাবি, এ হামলার লক্ষ্য ছিল নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর নেতারা। ওই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সঙ্গে তার সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন জঙ্গিও নিহত হয়েছেন বলে খবর।

তবে কাবুল প্রশাসন বলছে, এই হামলার মাধ্যমে পাকিস্তান সরাসরি আফগানিস্তানের সার্বভৌমত্বে আঘাত হেনেছে।
বর্তমানে সীমান্ত এলাকায় ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েনের ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে নতুন সঙ্কটে ঠেলে দিচ্ছে।

সূত্র: আলজাজিরা, তোলো নিউজ

Share.
Leave A Reply

Exit mobile version