আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারানোর বিধান যুক্ত করা হয়েছে সংশোধিত আইনে।

নতুন এই বিধানের ফলে, যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়, তবে তারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারাতে পারেন।

ইতোমধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে।

সোমবার (৬ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে জারি করা এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকার যোগ্য হবেন না।

এ ছাড়া স্থানীয় সরকার সংস্থাগুলোর সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হতে বা থাকতে পারবেন না।

প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না। অন্য কোনো সরকারি পদেও অধিষ্ঠিত হতে পারবেন না। তবে ট্রাইব্যুনালে কোনো ব্যক্তি অব্যাহতি বা খালাসপ্রাপ্ত হলে, সেই ব্যক্তির ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।

Share.
Leave A Reply

Exit mobile version